করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে কেউ ঘর থেকে বের হতে পারছেন না। এই ভাইরাস মোকাবেলায় একজন আরেকজন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ছাড়া কোন উপায় নেই। সেই সঙ্গে সবাইকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এক অভিনব কায়দা অবলম্বন করলো ভারতের এক কিশোর।
দেশজুড়ে এমন লকডাউন পরিস্থিতিতে এক কিশোর অভিনব এক ঘটনা ঘটিয়েছে। সে তার বন্ধুকে একটি স্যুটকেসের মধ্যে ভরে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, খবর কলকাতা২৪।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের মাঙ্গালোর শহরে এই ঘটনা ঘটেছে। ওই কিশোর ও তার বন্ধুকে আটক করেছে পুলিশ। ওই কিশোর জানিয়েছে, বাড়িতে থাকতে তার আর ভালো লাগছিল না। সে কারণে সে তার বন্ধুকে বাড়িতে আনার চেষ্টা করছিল। কিন্তু লোকজনের সন্দেহ হওয়ায় তাকে আটক করে স্যুটকেস খুলে দেখা হয়। এরপরই সেখান থেকে তার বন্ধুকে বের করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গত মাসে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয় ভারতে। করোনার বিস্তাররোধেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনেক আবাসিক এলাকাতেই কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে।
সে কারণেই ওই কিশোর তার বন্ধুকে স্যুটকেসে ভরে বাড়িতে আনার চেষ্টা করছিল। এর পরই স্থানীয় বাসিন্দারা পুলিশকে ফোন করলে পুলিশ এসে তাদের দুজনকে ধরে নিয়ে গেছে।
ইত্তেফাক/এসআই
