রাজশাহীকে আনুষ্ঠানিক লকডাউন ঘোষণা

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২০:৩৬

অবশেষে রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ সতর্কতায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসক হামিদুল হক এই ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিও জারি করেন তিনি। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন চলবে।

গণবজ্ঞিপ্তিতে বলা হয়, ইতোমধ্যে রাজশাহী জেলায় দুইজন  করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে করোনা রোগের ব্যাপক প্রার্দুভাব দেখা দিয়েছে। এ কারণে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষ রাজশাহী জেলায় আগমনের প্রবণতা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জনসহ আইন-শৃংখলা সংক্রান্ত সকল সংস্থার মতামতের ভিত্তিতে প্রাণঘাতি করানো ভাইরাস প্রতিরোধে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী জেলা প্রশাসক রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেন।

লকডাউন অনুযায়ী এ জেলার সঙ্গে অন্য জেলার মানুষ প্রবেশ ও বাহির হওয়ার সকল প্রকার রাস্তাঘাট বা অন্য কোনও পথে জেলার কেউ বাইরে যেতে পারবেন না এবং জেলার বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। জেলায় সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ বিদ্যুৎ-গ্যাস, গণমাধ্যম, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভূত থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরো পড়ুন : সেনাবাহিনীকে ত্রাণ বিতরণের দায়িত্ব দিন : মোশাররফ

এর আগে ৬ এপ্রিল লকডাউনের ঘোষণা দিয়েছিলেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। কিন্তু তা পুরোপুরি কার্যকর হয় নি। 

উল্লেখ্য, গত সোমবার (১৩ এপ্রিল) বাগমারার এবং রবিবার (১২ এপ্রিল) পুঠিয়ায় নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত দুই ব্যক্তির করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।  


ইত্তেফাক/ইউবি