ময়মনসিংহের ত্রিশালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ত্রিশাল পৌর শহরের চরপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী মুর্শিদা খাতুন (৪৫) তীব্র শ্বাসকষ্ট নিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে দুপুর একটার দিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর শোনার পর তার স্বজনরা তাকে ফেলে চলে যায়। মুর্শিদা একটি হোটেলে কাজ করত এবং দীর্ঘদিন ধরে তার শ্বাসকষ্ট ছিল।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার মানুষ রঞ্জ আদিত্য জানান, মুর্শিদাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আরো পড়ুন : ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’ চালু
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেঞ্জি মেডিকেল অফিসার সুরাইয়া আক্তার জানান, দুপুর সাড়ে তিনটার দিকে তার স্বজনরা তার মরদেহ নিয়ে গেছে।
ইত্তেফাক/ইউবি
