রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হুমকি, ঘরবাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের  ভয়ভীতি, হুমকি-ধমকি ও ঘরবাড়িতে হামলা ও ভাংচুর করা হচ্ছে। তফসিল ঘোষণার পর গতকাল ২৮ ডিসেম্বর শুক্রবার বিকেল পর্যন্ত রূপগঞ্জের বিএনপির নেতাকর্মীদের নামে ৫টি গায়েবি মামলা রূপগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। এসকল মামলায় ২৭২ জনকে নামীয় ও অজ্ঞাত ২১১ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১৯ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন। এদের সবার ভোট কেন্দ্রে পোলিং  এজেন্ট ও নির্বাচনী দায়িত্ব পালন করার কথা ছিল। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।

গতকাল শুক্রবার তারাবো পৌরসভার নোয়াপাড়া গ্রামের তাঁর পৈতৃক বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী মনিরুজ্জামান এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, ছাত্রদলের  কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুবদল নেতা কাজী আব্দুল আহাদ, বিএনপি নেতা জাকির হোসেন রিপন প্রমুখ।

সংবাদ সম্মেলনে কাজী মনিরুজ্জামান আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের পোলিং এজেন্ট ও দলীয় কর্মীদের বাড়ি থেকে তুলে নেয়া হচ্ছে। পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ নেতাকর্মীদের বাড়িতে প্রতিনিয়ত হানা দিচ্ছে। দলীয় কর্মীদের খুঁজে না পেলে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। এছাড়া আবাসিক বাড়ির গ্যস, বিদ্যুত্ ও পানির লাইন বিচ্ছিন্ন করার হুমকি দেয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করেও কাজী মনিরুজ্জামান কোনো প্রতিকার পাচ্ছেন না। এ সকল কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন ।