‘করোনা ব্রিগেডের’ সহায়তায় নীলফামারীতে ‘ডক্টর-পেশেন্ট প্রটেকটিভ বুথ’

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৩:১৫

‘করোনা ব্রিগেড, নীলফামারী’ গ্রুপের একদল তরুণ স্বেচ্ছাসেবকদের সহায়তায় প্রথমবারের মতো নীলফামারীতে বসানো হলো ‘ডক্টর-পেশেন্ট প্রটেকটিভ বুথ’। এই বুথের সহায়তায় চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে সহজেই করোনা রোগীসহ যেকোন রোগীকে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিরীক্ষণ করা সম্ভব। বর্তমানে শুধু উন্নত বিশ্বেই এরকম বুথ আছে।

গতকাল সকাল ১১ টায় নীলফামারী সদর হাসপাতালের সিভিল সার্জনের নিকট এই বুথ হস্তান্তর করা হয়। এ সময় করোনা ব্রিগেড নীলফামারী গ্রুপের স্বেচ্ছাসেবকরাসহ নীলফামারী সদর হাসপাতালের অনান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সকলে করোনা ব্রিগেড নীলফামারী গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

তারা জানান, স্থানীয় প্রযুক্তিতে তৈরি হলেও এরকম বুথ রোগী ও ডাক্তার উভয়ের জন্যেই নিরাপত্তা  বিধানে সক্ষম।  

করোনা ব্রিগেড নীলফামারী গ্রুপের স্বেচ্ছাসেবক প্রতিনিধি জাহানুল হাবীব রুকু বলেন, কোরিয়া ও জাপানের অনুকরণে বাংলাদেশে তারাই প্রথম ডাক্তারদের সুরক্ষার জন্য এমন বুথ তৈরি করলেন। গ্রুপের সকলের আন্তরিক প্রচেষ্টায় খুবই স্বল্প  বাজেটে বুথটি তৈরি করতে সক্ষম হয়েছেন।  

তিনি আরও জানান, তাদের বুথ তৈরিতে আর্থিকভাবে সহায়তা করেছেন নীলফামারী ০২ নং আসনের মাননীয় সাংসদ আসাদুজ্জামান নূর। আর্থিক সহায়তা পেলে এরকম আরও বুথ তারা দেশের বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করতে ইচ্ছুক তারা।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারী জেলায় করোনা ব্রিগেড নীলফামারী গ্রুপটি বিশিষ্ট ডাক্তারদের মাধ্যমে অনলাইন( ফেসবুক লাইভের মাধ্যমে) স্বাস্থ্যসেবা দেওয়া সহ অসহায়দের মাঝে খাবার বিতরণ ও বিভিন্ন সচেতনতামুলক কাজ করে যাচ্ছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় গ্রুপটি গত ২০ মার্চ আত্মপ্রকাশ করে। 

এই গ্রুপের সমন্বায়ক মো:ফিরোজ সোহাগ, নবনীতা চক্রবর্তী, পরিকল্পনায় সুজাউদ্দিন রনি, জাহানুল হাবীব রুকু,সাব্বির হোসেন ও রেদওয়ান দৃষ্টি।

ইত্তেফাক/এসআর