একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার পর গতকাল শুক্রবার ঘরোয়া বৈঠক করেছেন ঢাকা মহানগরীতে ‘লাঙ্গল’ প্রতীকে মহাজোটের দুই প্রার্থী জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ ও ঢাকা-৪ আসনের প্রার্থী আবু হোসেন বাবলা দুজনই স্থানীয় আওয়ামী লীগ ও জাপাসহ মহাজোটের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ভোটের দিনের কর্মকৌশল নিয়ে তারা পরামর্শ করেন।
ফিরোজ রশীদ বিকালে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি ও ওয়ারী থানার আওয়ামী লীগ, জাপা ও দল দুটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ফিরোজ রশীদ তার নির্বাচনী এলাকার পোলিং এজেন্টদের ইভিএম সম্পর্কে ধারণা দেন এবং ভোটারদের ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হবে সেটি সম্পর্কে ব্যাখা দেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই পরিবেশ সৃষ্টিতে সহায়তা করার নির্দেশনা দেন। মতবিনিময় সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হেদায়াতুল ইসলাম স্বপন, আইয়ুব আলী খান, গাজী সাহিদ, প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দিকে ঢাকা-৪ আসনে মহাজোট প্রার্থী আবু হোসেন বাবলা বিকালে দোলাইপাড়ের আমির টাওয়ারে তার প্রধান নির্বাচনী অফিসে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন বাবলা পত্নী সালমা হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক প্রমুখ।
