তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে পিটিয়ে জখম

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৮:০২

ঝিনাইদহের কালীগঞ্জে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরিফুল ইসলাম (২২) নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ সদস্যকে প্রথমে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। 

আহত ওই পুলিশ সদস্য কুষ্টিয়া জেলার সদর উপজেলার রফিকুল ইসলামের ছেলে এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ফাঁড়িতে কর্মরত। 

নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলীম হোসেন জানান, শরিফুল ইসলাম কালীগঞ্জ ডাচবাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করে ক্যাম্পে ফেরার পথে পাইকপাড়া গ্রামের মধ্যে পৌঁছালে একজন গ্রাম্য ডাক্তার চলন্ত মোটরসাইকেলে মোবাইল ফোনে কথা বলছিল। তাকে পুলিশ সদস্য শরিফুল কথা বলতে নিষেধ করায় তর্কবিতর্ক হয়। এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই ডাক্তারের ভাই পাইকপাড়া গ্রামের শাওন তাকে পিটিয়ে মারাত্মক জখম করে। তার অবস্থা আশংকাজনক। 

আরো পড়ুন: কপোতাক্ষ নদের তীরে মিলল দুই নবজাতকের মরদেহ

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএএম