ডেস্ক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
ধামরাইয়ে ইফাজ তাহিয়া অ্যাগ্রোফার্ম
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ধামরাইয়ে নিম্নমধ্যবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে রাজাপুরের সমাজ কল্যাণমূলক কৃষি খামার ‘ইফাজ তাহিয়া অ্যাগ্রোফার্ম’। গতকাল খামারের মালিক খান অ্যাসোসিয়েটস এর সিইও অ্যাডভোকেট এ আর খান রানা জানান, অস্ট্রেলিয়া প্রবাসী তার দুই বন্ধু প্রফেসর ড. সাজ্জাদ হোসেন ও রোমানা ইয়াসমিন মল্লিকের সহযোগিতায় ফার্মের আয় থেকে রাজাপুর ও আশেপাশের কয়েকটি গ্রামের নিম্ন-মধ্যম আয়ের তিন শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং আরো ২০০ পরিবারকে এমন সহযোগিতা করা হবে।
সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যান
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সরকারি ও নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। গতকাল পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা, চেঙ্গাকান্দি, মনাইকান্দি, জৈনপুর মৃধাকান্দি, আষাঢ়িয়ার চর ৬ গ্রামের সহস্রাধিক পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ভিজিডি কার্ডধারী ১০৭ জনের মাঝে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ঢাকা উত্তর সিটিতে বঙ্গবন্ধু পরিষদ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী রাশেদুল হক সোহেলের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ বিমান বন্দর থানা শাখা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং স্বাধীন বাংলা প্রশিক্ষণ কেন্দ্র ও কাওলা এলাকার স্বেচ্ছাসেবকবৃন্দ মঙ্গলবার দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জিন্নাত আলী মেম্বার, সাংবাদিক নেতা আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা, মনিরুজ্জামান মৃধা মঞ্জু, আজিজুর রহমান প্রমুখ।
আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক ইমাম হাছান ব্যক্তিগত উদ্যোগে গতকাল ৯০০ পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবুর দিকনির্দেশনায় এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. রাজ্জাক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাইদুল ইসলাম, নান্নু মিয়া, দেলোয়ার হোসেন, শাহীন প্রমুখ। ইমাম হাছান জানান, তিনি তার কার্যক্রম চালিয়ে যাবেন।
