বেতন চেয়ে রাজপথে বিক্ষোভ

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:৫০

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশজুড়ে অঘোষিত ‘লকডাউনে’ প্রায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জরুরি সেবা কিংবা প্রয়োজন ব্যতীত জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে দেশজুড়েই। এর মধ্যেই বকেয়া বেতন-ভাতার দাবিতে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল বুধবার সকাল থেকেই রাজধানীর উত্তরা, বিমানবন্দর, বাড্ডা, মিরপুর, দারুসসালামসহ অন্তত ১০টি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ফলে প্রতিটি স্থানেই করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি ছিল উপেক্ষিত। একইভাবে গাজীপুর, সাভার ও চট্টগ্রামেও শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন।

রাজধানীতে শ্রমিকদের এই বিক্ষোভে সড়কগুলোতে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্বাভাবিক সময়ের মতো সব ধরনের যানবাহন চলাচল না করলেও জরুরি পণ্য পরিবহন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যানবাহনগুলো                দীর্ঘসময় ধরে আটকে থাকতে দেখা গেছে। বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর বিমানবন্দর গোলচত্বর ও জসীম উদ্দীন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেদওয়ান টেক্স অ্যান্ড অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা। দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মো. শামীম হোসেন জানান, মালিকপক্ষকে বিক্ষোভের বিষয়টি জানানো হলে তারা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। গার্মেন্টস মালিকপক্ষের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে শ্রমিকরা সড়ক  ছেড়েছেন।

রাজধানীর বাড্ডায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শামসুর রিজিয়া ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা। তবে বেশিক্ষণ এ বিক্ষোভ স্থায়ী হয়নি। স্থানীয় ওয়ার্ড কমিশনার মাসুম গনির আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে দেন। সকালে ভাষানটেক থানাধীন কাফরুল এলাকার মিনি সুপার মার্কেটের পাশে চিটাগাং ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা এক মাসের বেতন ও দুই মাসের ওভারটাইমের বকেয়া পরিশোধের দাবি জানান।

কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, চিটাগাং ফ্যাশন গার্মেন্টসটি ভাষানটেক থানায় পড়েছে। তবে শ্রমিকদের আন্দোলন বিক্ষোভ চলছে উভয় পাশের সড়কে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাষানটেক থানার এসআই ইসরাঈল হোসেন জানান, চিটাগং ফ্যাশনস গার্মেন্টসের মালিকের পক্ষে একজন এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি বিজিএমইএকে জানানো হয়েছে।

ঢাকার আশুলিয়ায় এসএমএস গার্মেন্টসের সামনের সড়কে তিন ঘণ্টা অবস্থান করে শ্রমিকরা বিক্ষোভ করেন।

সাভারে ১২টি কারখানায় শ্রমিক বিক্ষোভ : সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সাভারের অন্তত ১২টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় অবস্থিত বেঙ্গল ফাইন সিরামিকস কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করেছে।

চট্টগ্রামে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ : চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস কর্মীরা। গতকাল নগরীর ইপিজেড এলাকায় এ বিক্ষোভ হয়। তারা চট্টগ্রাম ইপিজেডের পদ্মা ওয়্যারস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক। সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বিক্ষোভ করার পর কর্তৃপক্ষের কাছ থেকে বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারা সড়ক ত্যাগ করেন।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত : গাজীপুর প্রতিনিধি জানান, গত তিন দিন ধরে লকডাউন ভেঙে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। বুধবারও গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধ তুলে নিতে পুলিশের সহযোগিতার প্রয়োজন হয়।