ঢাকা-১ আসন

সালমার বাড়িতে ফুল নিয়ে হাজির সালমান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:৪১

ভোটের একদিন আগে প্রতিদ্বন্দ্বী সালমা ইসলামের বাড়িতে গিয়ে তার হাতে ফুল দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। শুক্রবার দুপুরের পর চলতি পথে নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নে সালমার বাড়িতে ফুল নিয়ে হাজির হন তিনি। এ সময় তিনি সেখানে আধা ঘণ্টা অবস্থান করে সালমা ও তার স্বামী নুরুল ইসলাম বাবুলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সাক্ষাতে সালমা ও তার স্বামী বাবুলের সঙ্গে নির্বাচন নিয়ে অনেক ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান। তিনি বলেন, ‘ব্যবসায়ী নূর আলীর বাসায় দুপুরের খাবার খেতে গিয়েছিলাম। তার বাসার পাশে আমার অন্যতম প্রতিদ্বন্দ্বী সালমা ইসলামের বাড়ি। তাই উনার বাসায় গিয়ে দেখা করে আসলাম। খালি হাতে না গিয়ে ফুল নিয়ে গেলাম। আমার বন্ধু বাবুল সাহেবকে এবং উনার স্ত্রী সালমা ইসলামকে দিলাম।’

বিএনপির প্রার্থী না থাকা ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) নৌকার প্রার্থী সালমানের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। যমুনা গ্রুপের মালিক বাবুলের স্ত্রী সালমা ২০১৪ সালে এখানে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এবার তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাকে সমর্থন দিয়েছে বিএনপি।