খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লকডাউন থাকায় রেস্টুরেন্টে চিকিত্সা কার্যক্রম!

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৪১

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন নার্সের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে উপজেলার চিকিত্সাসেবা চলছে এখন এক রেস্টুরেন্টে।

‘রংধনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের রেস্টুরেন্টটি খালিয়াজুরী সদরের ঐ হাসপাতালটির পাশেই রয়েছে। তিন দিন চিকিত্সা কার্যক্রম বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর থেকে হাসপাতালের বহির্বিভাগের ঐ চিকিত্সাসেবা অস্থায়ীভাবে চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাসরুর সিয়াম জানান, গত শুক্রবার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সিনিয়র নার্সের শরীরের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগ থেকে রিপোর্ট পাওয়ার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে ঐ নার্সের সংস্পর্শে আসা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন চিকিত্সকসহ প্রায় ২০ কর্মচারীকে সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এতে হাসপাতালটির চিকিত্সা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়ে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে হাসপাতালের কার্যক্রম চালু করার। পরে স্থানীয় ঐ রেস্টুরেন্ট মালিক সাব্বির আহমেদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেখানে চিকিত্সা কার্যক্রম চালু করা হয়েছে। তবে বহির্বিভাগের সেবা চালু হলেও লকডাউনের কারণে অভ্যন্তরীণ সেবা (ইনডোর) অর্থাত্ রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে আপাতত ঐ রেস্টুরেন্টে চিকিত্সাসেবা চালু করেছি। প্রয়োজনে এ কার্যক্রম অন্য কোথায়ও স্থানান্তর করা হবে।