১০ টাকার চাল নিয়ে আওয়ামী লীগ নেতার দুর্নীতি, ডিলারশিপ বাতিল

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৪০

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাল বিক্রিতে ব্যাপক দুর্নীতি প্রমাণিত হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে ডিলার রুকুনুজ্জামান পল্লবের জামানত বাজেয়াপ্তসহ ডিলাশিপ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার। পল্লব ২নং গৌরীপুর ইউনিয়নের ৪, ৫ও ৬ নং ওয়ার্ডের ১০ টাকা কেজি চাল বিক্রির ডিলার এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, প্রায় চার বছর ধরে তিনি কালোবাজারে চাল বিক্রি করে আসছিলেন। চলতি বছর ডিলারের দোকানের সামনে উপকারভোগীদের তালিকা টানানো হয়।  ফলে চার বছর পর জানতে পারেন তারা এ কর্মসূচির তালিকাভুক্ত উপকারভোগী। দুর্নীতির ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী হতদরিদ্ররা ডিলারের দোকান ঘেরাও করে বিক্ষোভের পর শনিবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনের টনক নড়ে। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি তদন্ত করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, ভুক্তভোগী হতদরিদ্রদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নির্দেশে সোমবার উল্লেখিত ডিলারকে ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেন তিনি। পরে ডিলারের জবাব সন্তোষজনক না হওয়ায় ও তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিকেলে জামানত বাজেয়াপ্তসহ ওই ডিলারের ডিলারশিপ বাতিল করেন তিনি।

ইত্তেফাক/এসি