ধান কাটতে সহায়তা করতে কর্মীদের নির্দেশ ছাত্রলীগ সভাপতির

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:৪৮

আসন্ন বোরো মৌসুমে সারাদেশের আবাদি জমিতে ধান কাটতে কৃষকদের সব ধরনের সহায়তা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে এ নির্দেশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংকট মোকাবিলায় দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে ‘স্বাস্থ্য বিষয়ক সহায়তা টিম’ গঠন করবে বাংলাদেশ ছাত্রলীগ। প্রতি ইউনিটে ১০ জন স্বেচ্ছাসেবক ও ১০ জন মেডিক্যাল কলেজ ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে তৈরি এ টিমে পোস্টারে মুঠোফোন নম্বর সংযোজন করে প্রচার করবে এবং সাহায্য প্রার্থী কেউ যোগাযোগ করলে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, স্বেচ্ছাসেবী টিম গঠন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব এলাকার অসহায়, দুস্থ, দিনমজুর ও খেটে-খাওয়া মানুষ খাবারের জন্য যোগাযোগ করলে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় বাড়িতে গিয়ে ত্রাণসহায়তা পৌঁছে দিতে হবে। সারাদেশে কৃষিজীবীদের প্রয়োজনীয়তার নিরিখে আসন্ন বোরো মৌসুমে স্বেচ্ছাসেবক হিসেবে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী প্রদানের ক্ষেত্রে কেউ যেন কোনো অনিয়ম না করতে পারে সেদিকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবেন। কোনো অনিয়ম হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করবে।