রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা রবিউল ইসলামের বিরুদ্ধে পূর্বশত্রুতার জেরে মোটরসাইকেল কেড়ে নিয়ে স্কুলছাত্র আবরার ইয়াসিরকে (১৪) নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরের বাবা মহিরুল ইসলাম বুধবার রাতে পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবিসহ তার কর্মচারীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় আড়ানী সড়কের পুঠিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সামনে কিশোরকে নির্যাতন ও মোটরসাইকেল কেড়ে নেয়ার ঘটনা ঘটে। আহত কিশোর পুঠিয়া পিএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
অভিযোগে বলা হয়, বুধবার সাড়ে ১২টায় কিশোর ইয়াসির তার দাদীর জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে পুঠিয়া সদরে যাচ্ছিল। পথে পৌরসভার সামনে পৌর মেয়র রবি তাকে থামাতে তার কর্মচারীদের নির্দেশ দেন। এসময় মেয়রের কর্মচারী সুমন তাকে মারধর করে মোটরসাইকেলটি কেড়ে নেয়।
কিশোরের বাবা মহিরুল বলেন, পৌর মেয়রের সঙ্গে তার ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তার ছেলেকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে মেয়র রবি দাবি করেন, ছেলেটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় পৌরসভার সামনের দেয়ালের সাথে এক্সিডেন্টে করে আহত হয়েছে। পরে পৌরসভার কর্মচারীরা তাকে উদ্ধার করে এবং মোটরসাইকেলটি পুলিশের হাতে তুলে দিয়েছে।
পুঠিয়া থানার ওসি বলেন, ছেলেটি পুঠিয়া আড়ানী সড়কে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালাচ্ছিলো। পৌরসভার লোকজন মোটরসাইকেলটি ধরে খবর দিয়েছেন। পুলিশ ওই মোটরসাইকেল উদ্ধার করে মামলা দিয়েছে। ওই কিশোরের বাবার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
