অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বাঁচাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০০:৪৭

অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক কোটি শ্রমিককে বাঁচাতে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। বুধবার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই বিভিন্ন দেশে দেশে শ্রমজীবী মানুষের দুর্ভোগ এবং সেই সব রাষ্ট্রের গৃহিত বিভিন্ন পদক্ষেপ লক্ষ্য করে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সব মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে গত ২৩ মার্চ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখ লাখ শ্রমিকের খাদ্য ও চিকিত্সা সুরক্ষার জন্য বিশেষ তহবিল গঠনের দাবি জানানো হয়েছিল। কিন্তু লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণার পূর্বে খাদ্য ও চিকিত্সা নিরাপত্তা নিশ্চিত না করেই শ্রমজীবী মানুষদের ঘরে থাকতে বলা হলো। একদিকে করোনা সংক্রমণের ভয়, অন্যদিকে অনাহারের আতঙ্কে শ্রমিকরা দিশেহারা।