কোয়ারেন্টাইনের জন্য সরকারকে ৪৩০টি কক্ষ দিয়েছে ব্র্যাক

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০০:৪৮

বিদেশ প্রত্যাগতদের কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করার জন্য ৪৩০টি কক্ষ সরকারকে দিয়েছে ব্র্যাক। গতকাল বৃহস্পতিবার আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারের এই কক্ষগুলো হস্তান্তর করা হয়। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘বিদেশ প্রত্যাগত সকলেরই কোয়ারেন্টাইনে থাকা প্রয়োজন। ঢাকার আশপাশে উপযুক্ত পরিবেশে ভালো মানের কোয়ারেন্টাইন সেন্টার থাকলে বিদেশপ্রত্যাগতরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন। সেই ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই ব্র্যাক এই ৪৩০টি কক্ষ সরকারকে দিয়েছে।’

এক লিখিত বার্তায় ব্র্যাক জানায়, ইতিমধ্যে করোনাভ াইরাস প্রতিরোধে দেশজুড়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এতে যুক্ত রয়েছে এর ১ লাখেরও বেশি কর্মী, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী। এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে স্থানীয় প্রশাসনের সহায়তায়।

এছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য এ পর্যন্ত ৬ লক্ষাধিক তরল সাবান, গোসলের সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সুরক্ষা উপকরণ হিসেবে ৫৫ হাজারেরও বেশি সার্জিক্যাল মাস্ক এবং ৮১ হাজার জোড়া গ্লাভস বিতরণ করা হয়েছে।