লকডাউন ভেঙ্গে নারায়ণগঞ্জ ছেড়ে গ্রামমুখী মানুষের যাওয়া যেন থামছে না। প্রতিদিন বিভিন্ন বাহিনীর অভিযানে জেলার বিভিন্নস্থান থেকে নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়া গ্রামমুখী মানুষদের আটক করলেও কিছুতেই রোধ করা যাচ্ছে না তাদের যাওয়া।
সদর উপজেলার ফতুল্লার পৃথক এলাকা থেকে আরও ১২০ জনকে আটক করা হয়েছে। এর আগের রাতেও আটক করা হয় অন্তত ৩ শতাধিক লোকজনকে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ফতুল্লা মডেল থানার পুলিশ।
এভাবে গ্রামমুখি হওয়ার কারণ হিসেবে আটকরা জানান, তারা এখানে অনেকদিন ধরেই মানবেতর জীবন যাপন করছেন। কাজ নেই। বাসা ভাড়া দিতে পারছেন না। খেতেও পারছেন না। উপায় না দেখে তারা চলে যাচ্ছেন। তারা আরও জানান, এখন পর্যন্ত সরকারি ত্রাণও তাদের কপালে জুটেনি। চেয়ারম্যান মেম্বাররা এ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেয়নি। গত দুদিন ধরে অনেকের ঘরেই খাবার নেই। তাই বাধ্য হয়ে আইন অমান্য করে তারা কিশোরগঞ্জ ফিরে যাচ্ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেল স্টেশন এলাকায় একটি ট্রাক থেকে ৫০ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়। অপরদিকে রাত পৌনে ১২টায় ফতুল্লার পাগলা রসুলপুল এলাকা থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। এছাড়া বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে আরও ৩০ জনকে আটক করা হয়েছে। তারা সবাই কিশোরগঞ্জ জেলার যাত্রী। তাদের বুঝিয়ে শুনিয়ে বাসায় ফেরত পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, করোনায় নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় নারায়ণগঞ্জের লোকজন গিয়ে সেখানে করোনা ছড়াচ্ছে। সে কারণে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
