মনোহরগঞ্জে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০২:৪৩

কুমিল্লার মনোহরগঞ্জে বুধবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে কয়েকটি ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। 

এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশত পরিবার। বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে তার ও মিটার ছিড়ে যাওয়া বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। 

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের আঘাতে উপজেলার সাহাপুর, পাঁচরূহী, মরিচা, ভরনীখন্ড, বড়কাচি, জাওড়া, খরখরিয়া, ফুলপুকুরিয়া, কেয়ারী, দুর্গাপুর, মড়হসহ উপজেলার বিভিন্নস্থানে ঘরবাড়ি ও মসজিদ ও মুরগীর খামারের চাল উড়িয়ে নিয়ে যায়। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি পড়ে লাইনের তার ছিড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

লৎসর গ্রামের মুরগীর খামারের মালিক মৌলভী আবুল কাশেম জানান, ঝড়ে তার খামারের চালা উড়িয়ে নিয়ে যায়। এ সময় প্রচণ্ড বাতাস ও বৃষ্টিতে খামারে থাকা মুরগী ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টিতে ধানের ক্ষতি হওয়ার কথা জানান কৃষকরা। 

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সাখাওয়াত হোসেন জানান, উপজেলার খরখরিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ১টি খুঁটি পড়ে যায়। ঝলম গ্রামে ১টি খুঁটি ভেঙে যায়। এছাড়া ফুলফুপুরিয়া গ্রামে একটি ঘরের চালা বৈদ্যুতিক লাইনের উপর এসে পড়লে তার ছিড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি মিটার। 

তিনি জানান, কিছু সংযোগ চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে।

ইত্তেফাক/জেডএইচ