বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের খলিশাপাড় গ্রামে জাফর খান (২৫) নামক এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচাত ভাইয়েরা জাফর খানকে হত্যা করেছে বলে অভিযোগ তার মায়ের।
বৃহস্পতিবার সকালে খলিশাপাড় গ্রামের নয়াভাঙ্গুলী খালপাড়ে একটি গাছের সঙ্গে জাফর খানের ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনা ধামাচাপা দিতে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। জাফর ঐ গ্রামের ইউনুস খানের ছেলে। কাজীরহাট থানার ওসি আনিসুল ইসলাম বলেন, নিহতর শরীরে একাধিক আঘাতের চিহৃ পাওয়া গেছে। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। নিহতর পরিবার থেকে এ পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) অভিযোগ দেয়া হয়নি।
জাফর খানের মা পিনজিরা বেগম জানান, চাচাত ভাই মাইদুল ও কামরুল ইসলামের সঙ্গে জাফরের দীর্ঘদিনের বিরোধ চলছে। বুধবার রাত ৮টার দিকে কতিপয় ব্যক্তি জাফরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর সে আর বাসায় ফিরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নয়াভাঙ্গুলী খাল পাড়ে স্থানীয় লোকজন একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত জাফরের লাশ দেখতে পান। ভাষানচর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু জানান, জাফরের মা তার কাছে একই অভিযোগ করেছেন। এর বেশী কিছু এ বিষয়ে জানেন না।
