চাকরি স্থায়ী হলো গ্রায়েম স্মিথের

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২০:৫৯

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক পদে স্থায়ী নিয়োগ পেয়েছেন গ্রায়েম স্মিথ। সাবেক এই অধিনায়ককে দুই বছরের জন্য দায়িত্ব দিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।  ক্রিকেট পরিচালক পদে স্মিথ থাকছেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গত বছরের ডিসেম্বরে তিন মাসের জন্য এই পদের দায়িত্ব পান স্মিথ। চলতি বছর আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি ছিল তার, যার কারণে প্রথমে স্বল্প মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল।

তাই ক্রিকেট পরিচালক পদেই মনোযোগী হতে চান স্মিথ। সাবেক এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘দায়িত্ব নিশ্চিত হওয়ায় আমি এখন সামনের পথ নিয়ে আরো ভাবতে পারব। আশা করছি সামনে ভালো দিন দেখব।’

স্মিথের কাজে খুশি দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ডক্টর জ্যাকস ফল। স্মিথের হাত ধরে প্রোটিয়া ক্রিকেট আলোর পথে ফিরবে বলে আশাবাদী তিনি। জ্যাকস বলেছেন, ‘সে এখন পর্যন্ত সঠিক কাজ করেছে। আশা করছি স্মিথের অধীনেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আলোর পথে ফিরবে। এখনো অনেক কাজ বাকি আছে।’

উল্লেখ্য, ৩৯ বছর বয়সি স্মিথের পরামর্শেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারকে।