সূচি পুনর্নির্ধারণের পরিকল্পনা উয়েফার

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০১

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগ আপাতত বন্ধ আছে। তবে আগামী সেপ্টেম্বরের আগেই এই প্রতিযোগিতার শেষ দেখতে চায় উয়েফা। শোনা যাচ্ছে, আগামী ২৯ আগস্ট ফাইনালের পরিকল্পনা করছে ইউরোপীয় ফুটবলের নীতিনির্ধারক সংস্থাটি।

আগামী ২৩ এপ্রিল উয়েফা কর্তাব্যক্তিদের একটি ভিডিও কনফারেন্স সভায় বসার কথা। সেখানে টুর্নামেন্ট ফের মাঠে ফেরানোর সঙ্গে সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে টুর্নামেন্টের কাঠামো নিয়েও আলোচনা করবে সংস্থাটি।

বর্তমানে দুটি ধারণা বিবেচনায় আছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির। প্রথমটি হলো সাধারণ মৌসুমের মতোই লিগের সঙ্গে সঙ্গেই চলবে ইউরোপীয় টুর্নামেন্টগুলো, যা শেষ হবে আগামী আগস্টে। সেক্ষেত্রে পুরোনো কাঠামোয়, দুই লেগের লড়াইতেই নির্ধারিত হবে দলগুলোর কোয়ার্টার আর সেমিফাইনাল ভাগ্য।

দ্বিতীয় ধারণাটি হলো, ফুটবল পুনরায় মাঠে গড়ালে আগে লিগের বাকি ম্যাচগুলো শেষ করা হবে আগে। এরপর মৌসুমের একেবারে শেষ দিকে হবে চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগের বাকি ম্যাচগুলো। সেক্ষেত্রে নকআউট হবে এক লেগের আর শেষ করা হবে প্রায় ১০ দিনের ব্যবধানে।

চ্যাম্পিয়নস লিগে শেষ আটের চার দলই নির্ধারিত হয়ে গেছে। তবে সমস্যা সৃষ্টি হয়েছে ইউরোপা লিগ নিয়ে। শেষ ষোলোর ফিরতি লেগের সব খেলাই বাকি। প্রচলিত সূচি মেনে টুর্নামেন্ট শেষ করতে হলে মৌসুম লম্বা হয়ে যাওয়ার শঙ্কাও থেকে যায়। ফলে আপাতদৃষ্টিতে মৌসুমের শেষে মিনি টুর্নামেন্টের আদলেই শিরোপার ফয়সালা হওয়ার জোর সম্ভাবনাই দেখা যাচ্ছে। —বিবিসি