ভোটের ডিউটি না দেওয়ায় আনসার কমান্ডারকে হত্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১৫

কুষ্টিয়ার দৌলতপুরে খলিল মণ্ডল (৫০) নামে এক আনসার কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। খলিল ফারাকপুর গ্রামের সুজান মণ্ডলের ছেলে।

 

নিহতের স্বজনরা অভিযোগ করেন, আসন্ন সংসদ নির্বাচনে আনসার হিসাবে তালিকাভুক্ত না করায় একই গ্রামের আজের আলীর ছেলে জাদু শনিবার সকালে খলিলের উপর চড়াও হন। প্রথমে কিল ঘুষি ও পরে গলার মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে জাদু পালিয়ে যায়। দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : ভোটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ সদস্য

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আনসার কমান্ডার খলিল মণ্ডলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  

ইত্তেফাক/ইউবি