শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিট লকডাউন

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:০৬

২৪ চিকিত্সক-নার্স

কোয়ারেন্টাইনে

বরিশাল অফিস

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ইউনিট-৩ লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঐ ইউনিটের ২৪ জন চিকিত্সক ও নার্সকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন গতকাল শুক্রবার জানান, গত ১৩ এপ্রিল বাবুগঞ্জ উদয়পুর এলাকার বাসিন্দা এক অজ্ঞান রোগীকে (৭০) তার আত্মীয়রা হাসপাতালে ভর্তি করে। এ সময় ঐ রোগীর জ্বর-কাশি ও শ্বাসকষ্টের তথ্য গোপন করে তারা। ১৫ এপ্রিল ঐ রোগীর এক্সরে রিপোর্ট এলে চিকিত্সকদের সন্দেহ হলে করোনা ইউনিটের আইসোলেশন বিভাগে পাঠানো হয়। পরবর্তীকালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে বৃহস্পতিবার রাতে তার করোনা শনাক্ত হয়। এর ফলে বৃহস্পতিবার রাতেই মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানের সঙ্গে আলোচনা করে লকডাউন ও চিকিত্সক-নার্সদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় বলে পরিচালক জানান। এছাড়া বিষয়টি আইইডিসিআরকেও জানানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু :এদিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, পটুয়াখালীর কলাপাড়া থেকে গত ১৫ এপ্রিল ৪০ বছর বয়সি এক নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। ১৬ এপ্রিল তার করোনার উপসর্গ ধরা পড়ায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হলেও শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।