বান্দরবানে গুলি করে এক জনকে হত্যা অপহূত ২

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:২৫

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত হয়েছে। এ সময় অস্ত্রধারীরা আরো দুই জনকে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজু পাড়া এলাকায় অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা একজনকে গুলি করে হত্যা করেছে। নিহতের নাম মাংসাই মারমা (৩০)। তার বাড়ি থানচি উপজেলার রেমাক্রী। সে থানচির বাসিন্দা মংসিং উ মারমার ছেলে। এ সময় অস্ত্রধারীরা আরো দুই জনকে ধরে নিয়ে যায়,       তবে অপহূতদের নাম জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি সংস্কার (এম এন লারমা) গ্রুপের সদস্য বলে জানা গেছে। তবে সাম্প্রতিক সময়ে সে পাহাড়ের সশস্ত্র সংগঠন মগ লিবারেশন পার্টিতে যুক্ত হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।