লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষককে মারপিট, অভিযুক্ত চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:২৬

নাটোরের লালপুরে ‘৩৩৩’ নম্বরে ফোন করে ত্রাণ চাওয়া কৃষক শহিদুল ইসলামকে ডেকে এনে মারধর করার অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকাল ১০টায় পাবনার ঈশ্বরদীর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, এলাকায় কোনো ত্রাণসামগ্রী না পেয়ে উপজেলার আঙ্গারীপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম (৫৫) ৩৩৩ নম্বরে ফোন করে এলাকার গরিব মানুষদের ত্রাণসামগ্রী না পাওয়ার বিষয়টি জানান। ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার (৫৫) ঘটনাটি জানতে পেরে তার উপর ক্ষিপ্ত হয়ে গত ১২ এপ্রিল দুপুরে এক গ্রাম পুলিশকে শহিদুল ইসলামের বাড়িতে পাঠিয়ে তাকে ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে লাঠিপেটা করে।