করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চার জনই শিশু। এই নিয়ে দেশে করোনা উপসর্গ নিয়ে ১৩৮ জনের মৃত্যু হলো।
খুলনা অফিস জানায়, গতকাল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় দুই জন মারা গেছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক (মেডিসিন) ও ফ্লু কর্নারের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গতকাল সকালে আসাদুজ্জামান (২৪) নামে এক জন করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি নগরীর লবণচরা এলাকায়। একই দিন দুপুর সাড়ে ১২টায় মিতু (১০) নামে অপর এক শিশুর মৃত্যু হয়। সেও শ্বাসকষ্টে ভুগছিল। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি রূপসা উপজেলা সদরের কাজদিয়া এলাকায়।
নওগাঁ প্রতিনিধি জানান, জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মাহাবুব আলম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাহাবুব শহরের চকদেব জনকল্যাণ ডি ব্লক পাড়ার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ঢাকা থেকে গত বুধবার ভোর রাতে তিনি নওগাঁয় আসেন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে। গতকাল তার মৃত্যু হয়। নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মুর্শেদ এ তথ্য জানান।
স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সি এক মুদিদোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তিনি মারা যান। তিনি বগুড়া শহরতলীর সাবগাম চান্দপাড়ার বাসিন্দা। আবাসিক চিকিত্সা কর্মকর্তা শফিক আমিন কাজল বলেন, করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বেলাব (নরসিংদী) সংবাদদাতা জানান, বেলাবতে শ্বাসকষ্ট ও বুক ব্যথা নিয়ে মো. নান্নু মিয়া (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। গতকাল তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, হোসেনপুর পানান গ্রামে জ্বর-সর্দি ও কাশি নিয়ে এক শিশুর (৯) মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান জানান, শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, হোমনায় নানাবাড়ি বেড়াতে এসে গতকাল করোনার উপসর্গ নিয়ে সাড়ে চার বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার মায়রামপুর গ্রামে। গত ২০-২৫ দিন আগে সে উপজেলার বিজয়নগর গ্রামে তার মায়ের সঙ্গে নানাবাড়িতে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গলগন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সে স্থানীয় সিদ্দিক মিয়ার মেয়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নূরুল হুদা খান জানান, মেয়েটি ব্রেস্ট টিউমারে আক্রান্ত হয়ে মারা যায়। তার পরও মেয়েটির ও তার মা-বাবার নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, পীরগঞ্জে বড়ো আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামে করোনা উপসর্গ নিয়ে গতকাল এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। ১৩ দিন আগে জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। তার নমুনা সংগ্রহ করে আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, রাজারহাটে করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম শিশুটির নমুনা সংগ্রহ করেছেন। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চায়না বাজার পাগলার দরগা গ্রামের একটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে মারা যায় শিশুটি। রাজারহাট থানা পুলিশ বাড়িটি লকডাউন করেছে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় ২০ বছর বয়সি এক জন মারা গেছেন। শুক্রবার সকালে তিনি চামটা ইউনিয়নের একটি গ্রামে মারা যান। করোনা সংক্রমণ সন্দেহে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ব্যবস্থায় ঐ ব্যক্তির দাফন দিয়েছে। আর তার সংস্পর্শে থাকা ২৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল অফিস জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৭২ বছর বয়সি ঐ বৃদ্ধের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়। মৃত ঐ বৃদ্ধের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
