৩১৯ বস্তা ত্রাণের চাল উদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:২৯

দেশের বিভিন্ন স্থানে সরকারি চাল চুরির অপরাধে সাত জনকে গ্রেফতার এবং দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব জায়গা থেকে প্রায় ৩১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩৪৫ কেজি চালসহ সাবেক ইউপি মেম্বার মান্নান হোসেন শেখ ওরফে মান্নুকে (৪৮) আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এএসপি তাজুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের মান্নান হোসেনের বাড়ির রান্নাঘরে অভিযান চালিয়ে সাত বস্তা চাল উদ্ধার করে। মাদারীপুর ক্যাম্পের ডিএডি সুলতান গিয়াসউদ্দিন বাদী হয়ে সাবেক ঐ ইউপি মেম্বারকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদে মান্নান হোসেন এসব চাল ক্রয় করেছেন বলে জানান ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃহস্পতিবার রাতে একটি বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ও ত্রাণের ৫০ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল উদ্ধার করেছে           পুলিশ। উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়। এছাড়া এই ঘটনায় দুই জনকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৪৫) ও একই গ্রামের আলিফ উদ্দিনের ছেলে আয়নাল হক (৪০)।  ফরিদপুর প্রতিনিধি ও ভাঙ্গা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১০ টাকার ছয় বস্তা চাল গোপনে বিক্রয়কালে জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই জনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের ভ্যানচালক আলমগীর মোল্লার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। এ সময় ভ্যানচালক আলমগীর মোল্লা ওরফে কালা ও মওলাদাদ ফরাজীকে আটক করা হয়। পরে ঘটনার সঙ্গে ক্রেতা মওলাদাদ ফরাজীর সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় এবং আলমগীর মোল্যাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার মূল অভিযুক্ত চান্দ্রা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান ওরফে লিটু মাতুব্বরের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির সরকারি ২৫৬ বস্তা চাল জব্দ করেছেন বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ। তিনি গুদামের মালিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ইউসুফ আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে শেখ আব্দুল্লাহ সাদীদ বানারীপাড়া বন্দর উত্তরপাড় বাজারের উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইউসুফ আলীর ধান-চালের গুদামে এ তল্লাশি করে সরকারি কাবিখা প্রকল্পের ২৫ কেজির ২৫৬ বস্তা চাল উদ্ধার করে জব্দ করেন।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৭০ কেজি চাল জব্দ করা হয়েছে।

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার সারিয়াকান্দিতে ৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে. উপজেলার কামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা গতকাল শুক্রবার দুপুুরে উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ এলাকার কাছে যমুনা নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় ৯ বস্তা চাল দেখে পুলিশে খবর দেয়।

খুলনা অফিস ও কয়রা সংবাদদাতা জানান, খুলনায় অভিযান চালিয়ে ওএমএসের চার বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলারচর গ্রামের মুর্শিদ আলমের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়।