গোপালগঞ্জে খাদ্যবান্ধন কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ৩৪৫ কেজি চালসহ সাবেক ইউপি মেম্বার মান্নান হোসেন শেখ ওরফে মান্নুকে (৪৮) আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ.এস.পি তাজুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল সাবেক ওই মেম্বারের গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের বাড়ির রান্নাঘরে অভিযান চালিয়ে ৭ বস্তা চাল উদ্ধার করে। অবৈধভাবে চাল মজুদের অপরাধে র্যাব মান্নান হোসেন শেখ ওরফে মান্নুকে আটক করে।
আটক মান্নান হোসেন শেখ ওরফে মান্নু পাইকেরডাঙ্গা গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে। তিনি শুকতাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ.সএ.পি তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ওই ইউপি মেম্বরের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্নাঘর ও তারভাই ফারুক শেখের ঘরে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের অতিদরিদ্রের খাদ্য বান্ধব কর্মসূচীর ৭ বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তা গুলোতে মোট ৩৪৫ কেজি চাল ছিলো। গ্রামের অতিদরিদ্র পারিবার প্রতি ৩০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু সাবেক এ ইউপি মেম্বর অতিদরিদ্রদের হক থেকে বঞ্চিত করে নিজের বাড়িতে ৩৪৫ কেজি চাল অবৈধভাবে মজুদ করেন। এ অপরাধে তাকে চালসহ আটক করা হয়েছে। শুক্রবার তাকে গোপালগঞ্জ থানায় হস্তান্ত করা হয়েছে। র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের ডিএডি সুলতান গিয়াসউদ্দিন বাদী হয়ে সাবেক ওই ইউপি মেম্বরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
জিজ্ঞাসাবাদে ওই ইউপি মেম্বার এসব চাল ক্রয় করেছেন বলে জানান। তবে তিনি কার কাছ থেকে এ চাল কিনেছেন তা জানাননি।
ইত্তেফাক/কেকে
