সিদ্ধিরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে বড়ো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোটো ভাই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বুধবার রাত ৮টার দিকে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার সামনে আলী হোসেন পূর্বপরিকল্পনা অনুযায়ী তার ছোটো ভাই আলী আহম্মদকে পিছন থেকে ছুরিকাঘাত করে। তার চিত্কারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে আলী হোসেন পালিয়ে যায়। পরে আহতাবস্থায় আলী আহম্মদকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ১১টায় মারা যায় আলী আহম্মদ। এ ঘটনায় ঘাতক বড়ো ভাই আলী হোসেন পলাতক রয়েছেন।
আলী আহম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, বসতভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে বড়ো ভাইয়ের ছুরিকাঘাতে ছোটো ভাই আলী আহম্মদ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
