সিদ্ধিরগঞ্জে মাদক সেবনে বাধা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত ছোট ভাইয়ের নাম আলী আহমেদ (৫০)। সে মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার মৃত কমর আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল বুধবার রাতে মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় নিজ বাসার সামনে আলী হোসেন (৫৫) ভাগ হওয়া সম্পত্তি বিক্রি ও মাদক সেবনে বাধা প্রদানের কারণে তার ছোট ভাই আলী আহম্মদকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোক আসলে আলী হোসেন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রথমে সাইনবোর্ডের প্রোএকটিভ পাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শুক্রবার সকাল ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় পর থেকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
ইত্তেফাক/কেকে
