লকডাউন উপেক্ষা করে এক ষাঁড়ের শেষকৃত্যে জড়ো হয়েছেন শত শত মানুষ। এই ঘটনা ভারতের তামিলনাড়ুতে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর মুধুবারাপট্টি নামে এক গ্রামে বুধবার ঘটে এই ঘটনা। সেখানে জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃত্যু হয়। তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দের খুব কদর সেখানকার মানুষের কাছে।
তেমনই একটি ষাঁড়ের মৃত্যু হওয়ার পর তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন কয়েকশো গ্রামবাসী। তাদের মুখে ছিল না কোন মাস্কও। শত শত মানুষ জড়ো হওয়ার ছবি ও ভিডিও ভেসে বেড়াচ্ছে দেশটির সামাজিক মাধ্যমে।
এমন এক ভিডিওতে দেখা যায়, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার উপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে কয়েকশো মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।
এদিকে ইতিমধ্যে তামিলনাড়ুতে প্রায় সাড়ে বারোশো মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/এসআর
