সাহায্য চাইলেন সৌদির কুখ্যাত কারাগারে বন্দি প্রিন্সেস

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৮:৪৩

এক বছর ধরে কোনো খবর ছিলো না সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদের। হঠাৎ করেই খবর প্রকাশ হলো তিনি দেশটির একটি কুখ্যাত কারাগারে বন্দি। 

সম্প্রতি এক টুইটে প্রিন্সেস এ কথা জানিয়ে তার মুক্তির জন্য আবেদন জানান। 

টুইটারে তিনি জানান, কোনো ধরণের অভিযোগ ছাড়াই তাকে বন্দী করে রাখা হয়েছে। তিনি তার চিকিৎসার জন্য মুক্তি পেতে চান।

তিনি লিখেন, ‘আমাকে অপহরণ করে কারাগারে নিক্ষিপ্ত করা হয়। আমি কোনও ভুল করিনি। আমাকে মুক্তি দিতে অনুরোধ করছি।’ 

প্রিন্সেস বাসমাহ প্রয়াত বাদশাহ সৌদের ১০৮ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। বর্তমান বাদশাহ সালমানের ভাতিজি। সেই সূত্রে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাত বোন।

প্রিন্সেস বাসমাহ একজন মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। তিনি রাজতন্ত্রের সংস্কারের দাবিতে সোচ্চার ব্যক্তিদের একজন। তিনি ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার  কড়া সমালোচক।

কেন প্রিন্সেসকে গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নে সৌদি আরবে অধ্যয়নরত লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একজন পরিদর্শক অধ্যাপক মাদাবী আল-রাশিদ বলেন, ‘আমার কোন ধারণা নেই।’

এছাড়া সৌদির রাজ পরিবারের কেউ এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। সূত্র: নিউইয়র্ক টাইমস

ইত্তেফাক/জেডএইচ