করোনা কি ইউরোপে ক্ষমতাকে পোক্ত করতে ব্যবহূত হচ্ছে?

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:০৪

ইত্তেফাক ডেস্ক

সারা বিশ্বে করোনা ভাইরাসে যখন মানুষের মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে, তখন একে কেন্দ্র করে একটি প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে। তা হলো ইউরোপের দেশগুলোতে কি ক্ষমতাকে পাকাপোক্ত করতে করোনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে? অভিযোগ উঠেছে, কিছু ইউরোপীয় নেতা চলমান স্বাস্থ্য-সংকটকে পুঁজি করে ভেতরে ভেতরে ক্ষমতা বৃদ্ধির প্রতিযোগিতায় নেমে পড়েছেন। আর এ কারণে সেখানে আরোপিত হচ্ছে নানা বিধিনিষেধের খড়্গ।

অভিযোগের এই তালিকায় ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে প্রথম কাতারে রয়েছে তুরস্ক, রাশিয়া ও হাঙ্গেরি। তুরস্কে এরই মধ্যে করোনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শত শত ব্যক্তিকে। রাশিয়ায় ভুয়া খবর ছড়ানো হলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কারাদণ্ডের বিধান করা হয়েছে। পোল্যান্ড নিয়ে বলা হচ্ছে, সেখানকার গণতন্ত্র হুমকিতে চলে যাচ্ছে। আর এর ছোঁয়া গিয়ে পড়ছে হাঙ্গেরিতেও। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে গোটা ইউরোপে এর প্রভাব পড়বে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, করোনাকে ব্যবহার করে এসব দেশ কি তাদের ক্ষমতা ব্যবহারের মাধ্যমে নিজেদের রাষ্ট্রক্ষমতায় টিকিয়ে রাখতে ছলাকলা অবলম্বন করছে? অভিযোগের তির হাঙ্গেরির ওপরে গিয়েও পড়েছে। প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরুদ্ধে অভিযোগ, এই সংকটকে পুঁজি করে তিনি তার ক্ষমতায় টিকে থাকার ‘নীল নকশা’ তৈরি করছেন। আরো অভিযোগ, এই দুর্দিনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে পার্লামেন্টে গৃহীত বিশেষ ক্ষমতা আইনকে তিনি ব্যবহার করছেন। সমালোচকেরা একে ‘আত্মঘাতী’ হিসেবে মনে করছেন। এতে বলা হয়, গত ১১ মার্চ থেকে দেশটিতে ‘বিপজ্জনক’ অবস্থা ঘোষণা করা হয়। এরপর এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। এতে করে আশঙ্কা করা হচ্ছে, এই ক্ষমতা তিনি দেশটির সংকটকাল পার হলেও ব্যবহার করতে পারেন। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে, সংকট কেটে গেলে এই ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু সেটা কতখানি হবে তা সময়ই বলে দেবে।

তুরস্কের ব্যাপারে বলা হয়েছে অবশ্য অন্য কথা। এতে বলা হয়েছে, দেশটির প্রধান এমনিতেই ক্ষমতার শিখরে বসে আছেন। তার সাম্প্রতিক রাজনৈতিক অনেক হুংকার তাকে আরো একচেটিয়া ক্ষমতার কেন্দ্রে পরিণত করেছে। কাজেই করোনাকে আশ্রয় করে তাকে নতুন করে ক্ষমতায় টিকে থাকার কৌশল অবলম্বন করতে হবে না। কারণ এমনিতেই তিনি তার অবস্থান শক্ত করে আছেন। তুরস্কের হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক ইমা সিনক্লেয়ার ওয়েব একই কথা জানিয়ে বলেছেন, রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নতুন করে ক্ষমতাকে আঁকড়ে ধরার কৌশল অবলম্বন করতে হবে না। কারণ এমনিতেই তিনি প্রচুর ক্ষমতার অধিকারী। —বিবিসি অবলম্বনে