‘আর ফিরবে না সোনালি দিন’ —ইনিয়েস্তা

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৩

স্পোর্টস ডেস্ক

গেল দশকের শুরুতে পাসিং ফুটবলের পসরা সাজিয়ে অনন্য সুন্দর সব নৈপুণ্য দেখিয়ে ইউরোপে রাজত্ব করেছে বার্সেলোনা। দলটির অন্যতম কুশীলব আন্দ্রেস ইনিয়েস্তার মত, সেসব দিন আর কখনোই ফিরে পাবে না কাতালান দলটি।

পেপ গার্দিওলার হাত ধরে সে বার্সেলোনার শুরু। এরপর ছয় বছরের ব্যবধানে প্রথম দল হিসেবে দুটো ট্রেবল জয়ের কীর্তিও গড়ে তারা। বার্সেলোনার এমন কীর্তির মূলে ছিলেন জাভি, লিওনেল মেসি, ইনিয়েস্তাদের মতো খেলোয়াড়রা, যারা উঠে এসেছিলেন বার্সেলোনার একাডেমি থেকেই।

তবে এর মতো সোনালী প্রজন্ম আবারও পাওয়ার সৌভাগ্য বার্সেলোনার হবে কী না তা নিয়ে সন্দিহান ইনিয়েস্তা। গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এমন প্রজন্মের পুনরাবৃত্তি আর কখনোই হবে না। কিন্তু এর পরে যা আসবে তা খারাপ নাও হতে পারে। তবে এমন কিছু আর কখনোই ঘটবে না।’

তিনি আরো যোগ করেন, ‘অনেক রকম যুগই দেখেছে ক্লাবটা। তরুণ খেলোয়াড়রা প্রথম দলে সুযোগ পেত যখন ফলাফল বাজে হতো এবং তাদেরকে যুব দলে নজর দিতে হতো। আমার সময়ে এমনটাই হতো।’

সাম্প্রতিক সময়ে বার্সেলোনায় যুবদলের খেলোয়াড়ের সংখ্যা লক্ষণীয় হারে কমে এসেছে। এর কারণ হিসেবে ইনিয়েস্তা কোচ আর ক্লাবের পাশাপাশি খেলোয়াড়দের মান কমে যাওয়ার দিকে ইঙ্গিত দিলেন। তিনি বলেন, ‘কিন্তু এমনও সময় আসবে যখন আপনার মূল দলে ১০-১২ জনের মতো যুব দলের খেলোয়াড় থাকবে। এটা নির্ভর করবে আপনার কোচ কে, ক্লাবের অবস্থা কি ইত্যাদি। কিন্তু আমি মনে করি, যুব দলের একটা খেলোয়াড় যে মূল দলের হয়েও ভালো খেলার যোগ্যতা রাখে, সে কোনো না কোনো অবস্থায় মূল দলে এসেই যায়।’

নিজেদের সময়ের স্মৃতি রোমন্থন করে স্প্যানিশ এই মিডফিল্ডার বলেন, ‘আমরা এই ক্লাবেই অনেক বছর ছিলাম। একেবারেই ছোটো বয়স থেকে ছিলাম, তারপর আমরা বেড়ে উঠেছি, মূল দলে এসে ১০, ১২, ১৫ বছর খেলেছি, অধিনায়ক হয়েছি। এমন কিছু হওয়াটা খুবই কঠিন। আমরা বার্সেলোনার কথা বলছি, এমন একটা ক্লাব যেখানে সেরা ফুটবলাররাই খেলেন।’

তিনি আরো বলেন, ‘ভিক্টর (ভালদেস), পুয়োল, জাভি, আমি, বুসি (সার্জিও বুসকেটস), পিকে, লিও আমরা সবাই একটা দৃশ্যপটে উঠে এসেছিলাম। আমরা আমাদের পুরো ক্যারিয়ার জুড়ে বার্সেলোনাতেই ছিলাম। এই ‘প্লাসটা’ আমাদের ছিল যা অন্যদের ছিল না।’