স্টাফ রিপোর্টার, বগুড়া
করোনা ভাইরাসের সংক্রমণরোধে অঘোষিত লকডাউনে বগুড়ার ধুনট উপজেলায় সড়ক কিংবা ভবন নির্মাণসহ প্রায় শতকোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, জামে মসজিদ, মুক্তিযোদ্ধা জাদুঘর, হাটসেড, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ কমপক্ষে ৪০টি প্রকল্পের কাজ চলমান ছিল। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় শতকোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এসব উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ দেওয়া হয়।
করোনা দুর্যোগের কারণে সরকারি নির্দেশে সবগুলো প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই ওই প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনা পরিস্থিতির অনেক আগে থেকেই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়েছিল। এসব কাজের মধ্যে অধিকাংশ অর্ধেক শেষ হয়েছে। কিন্তু করোনা শুরু হওয়ার পর কাজগুলো বন্ধ রয়েছে। ফলে কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন নির্মাণ সরঞ্জাম রেখে প্রকল্প এলাকা ছেড়ে চলে গেছেন।
এদিকে এসব উন্নয়নকাজে নিয়োজিত শ্রমিকরা বর্তমানে বেকার বসে রয়েছেন। এদের অনেকেই পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব নির্মাণ শ্রমিক বলেন, আমরা প্রতিদিনের কাজের মজুরি দিয়ে সংসার চালাই। অথচ করোনা ভাইরাসের কারণে সরকার কাজ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় আর সংসার চালাতে পারছি না। উপজেলার পিরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ অবস্থায় করোনার কারণে নির্মাণ কাজ বন্ধ রেখে ঠিকাদারের লোকজন চলে গেছেন। ফলে অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, করোনা দুর্যোগের কারণে সরকারি নির্দেশে সব ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ এখন বন্ধ আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের প্রকল্পের কাজ শুরু হবে।
