কীর্তনখোলায় ভাসমান আইসোলেশন ইউনিট

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৬

বরিশাল অফিস

বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ভাসমান আইসোলেশন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বরিশাল নদীবন্দরের কীর্তনখোলা নদীতে নোঙর করা সুরভী-৮ লঞ্চটিতে এই আইসোলেশন ইউনিটের উদ্বোধন করে জেলা প্রশাসন। জানা গেছে, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বরিশাল বিআইডব্লিউটিএর সহযোগিতায় জরুরি সেবা প্রদানের লক্ষ্যে এই ইউনিটের উদ্বোধন করা হয়। লঞ্চটিতে ৪২টি সিঙ্গেল, ৩৪টি ডাবল, চারটি ফ্যামিলি, দুইটি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন আছে। বরিশাল সিভিল সার্জনের চাহিদা পেলেই তাদের নিকট লঞ্চটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর এস এম রবিন শীস ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।