জামালপুরে নার্স-কর্মচারীদের বিক্ষোভ
জামালপুর প্রতিনিধি
জামালপুর জেনারেল হাসপাতালে উন্নতমানের পিপিই, হাসপাতাল লকডাউন ও সকল স্টাফের নমুনা পরীক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মচারীরা।
শনিবার সকালে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা হাসপাতালসহ জামালপুর জেনারেল হাসপাতালে দুই ওয়ার্ডবয়সহ আট জন করোনায় আক্রান্ত হয়েছে।
জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কিরন আলী জানান, সকল স্টাফের নমুনা পরীক্ষা, ১৪ দিনের জন্য জেনারেল হাসপাতাল লকডাউন এবং নার্স, কর্মচারী ও কর্মকর্তাদের উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি দেওয়ার দাবি জানান। দাবি না পূরণ হলে স্বাস্থ্যসেবা প্রদান থেকে বিরত থাকবে স্টাফরা।
এ বিষয়ে হাসপাতালে সহকারী পরিচালক ডা. মো. হাবিবুর রহমান ফকির নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
এদিকে হাসপাতালের নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ ঘণ্টাব্যাপী চলায় চরম দুর্ভোগ পোহাতে হয় চিকিত্সাসেবা নিতে আসা রোগীদের।
