বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরল ৭৯ বাংলাদেশি!

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৮

বেনাপোল (যশোর) সংবাদদাতা

মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ৬ এপ্রিল সরকার ঘোষণা দেয় বিদেশ থেকে যারা দেশে ফিরবে তারা সংশ্লিষ্ট ইমিগ্রেশনের কাছে কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১২তম দিনে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৭৯ জন নারী, পুরুষ ও শিশু।

ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কেন্দ্রে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ পথে আটকেপড়া চিকিত্সা ও ভ্রমণ শেষে দেশে ফেরে ৭৯ জন নারী, পুরুষ ও শিশু।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাচ্ছে।

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হচ্ছে। শুক্রবার যে ৭৯ জন যাত্রী এসেছে এদের আমরা যশোর-বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহ মাদ্রাসায় নিয়ে যাব। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।