প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভয়কে জয় করব ইনশাল্লাহ ----------- মোহাম্মদ নাসিম

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:৩৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশ আজ ভয়াবহ আতঙ্কের সম্মুখীন। গোটা জাতি দিবানিশি আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। তবে আল্লাহর রহমতে আমাদের ভরসা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী বারবার বলেছেন—আপনারা ভয় পাবেন না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেমন আমরা মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি, একইভাবে শেখ হাসিনার নেতৃত্বেও আমরা ভয়কে জয় করব ইনশাল্লাহ। এই দুঃসময় আমরা অতিক্রান্ত করতে পারব। এই সংসদে আবারও আমরা জীবনের গান গাইব। মৃত্যুর মিছিল আমরা দেখব না।

করোনা ভাইরাসের মহামারির মধ্যেও শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে চলতি একাদশ সংসদের গতকাল শনিবার এক কার্যদিবসের ৭ম অধিবেশনে পাবনা-২ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বব্যাপী করোনার সংক্রমণে বাংলাদেশসহ সারা দুনিয়া আজ আক্রান্ত। আমাদের প্রিয় জন্মভূমিও আজ ক্ষতবিক্ষত। করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মরহুম শামসুর রহমান শরীফের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে ১৪ দলের সমন্বয়ক বলেন, তিনি ছিলেন এক জন সাহসী বীর মুক্তিযোদ্ধা। বিএনপি-জামায়াত এবং জাতীয় পার্টির আমলেও প্রতিকূল পরিস্থিতিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পাবনাকে তিনি আধুনিক হিসেবে গড়ে তোলেন। তার রাজনীতি ছিল অসাম্প্রদায়িক। বারবার কারাবন্দি হন। ১/১১ সময়ও যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল, তখনো এর প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হন মরহুম শরীফ। তাকে হারিয়ে আমরা ব্যথিত।