ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকার ১৫টি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) দিয়েছে বিএনপি। গতকাল শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বিএনপির পক্ষে পাঁচটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই চিকিত্সা সরঞ্জাম প্রদান করে। এর আগে গত ১৫ এপ্রিল আরো আটটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পিপিই সরবরাহ করা হয়।
গতকাল পাঁচটি হাসপাতালে পিপিই বিতরণের সময় বিএনপির নেতারা অভিযোগ করেন, সরকার করোনা ভাইরাস প্রতিরোধে সীমাহীন উদাসীনতার পরিচয় দিয়েছে। গতকাল বিভিন্ন হাসপাতালে পিপিই সরবরাহ করেন ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ, মহাসচিব ডা. আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, হাবীব উন নবী খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ড্যাবের কেন্দ্রীয় নেতা ও চিকিত্সকবৃন্দ। নেতারা জানান, চিকিত্সকদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
