বার্সেলোনা তারকা লিওনেল মেসি গেল মৌসুমের লা লিগায় করেছিলেন সর্বোচ্চ ৩৪ গোল। যাতে ভর করে তার দল পুনরুদ্ধার করেছিল লিগ শিরোপা। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ায় পিচিচি অবধারিতই ছিল। তবে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জিতলেন মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘ডি স্টেফানো ট্রফি’ও। পুরস্কার নিতে গিয়ে বললেন, লা লিগায় যে রকম প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেটা তিনি খুব উপভোগ করছেন।
২০০৭-০৮ মৌসুমে প্রবর্তিত এই পুরস্কারটি সর্বোচ্চ পঞ্চমবারের মত জিতলেন বার্সেলোনা তারকা। চারবার জিতে তালিকার দ্বিতীয় স্থানে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
পুরস্কারটি গ্রহণকালে মেসি জানান, এই মৌসুমের লা লিগা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে এবং এটাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। তিনি বলেন, ‘এটা ভালো যে লিগটা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
এবারের লা লিগায় ১২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক। খুব বেশি পিছিয়ে নেই টেবিলের মাঝামাঝি থাকা দলগুলোও। এমন প্রতিদ্বন্দ্বিতাকে উপভোগই করছেন মেসি। তীব্র লড়াই আরও কিছুদিন ধরে চলবে বলেও আশা করছেন তিনি। বার্সেলোনা অধিনায়ক বলেন, ‘কোনো কিছুই সহজ নয়। যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। এবং আমি আশা করবো এটা যেন বেশ কিছুসময় ধরে এমনভাবে চলে।’
বার্সেলোনা তারকা আরও জানান যে গোলের সৌন্দর্যের চেয়ে গোলের গুরুত্বই বেশি মনোযোগ দেন তিনি। মেসি জানান, ‘আমি সবসময়ই গোলের সৌন্দর্যের চাইতে সেগুলোর প্রয়োজনীয়তায়ই আগ্রহী।’
ডান হাতের হাড়ে চোট পেয়ে একমাসের জন্য চলে গিয়েছিলেন খেলার বাইরে। মেসি জানান, ইনজুরিটি খানিকটা ভয়ই পাইয়ে দিয়েছিল তাকে। তিনি বলেন, ‘আমার হাত নিয়ে আমি কিছুটা ভীতই ছিলাম, কেননা আমার তেমন যোগাযোগ ছিল না। কিন্তু (বেতিসের বিপক্ষে) ম্যাচের কিছুক্ষণ যাওয়ার পরে সেটা কেটে গিয়েছিল।’
