করোনা শনাক্তে রবিবার (১৮ এপ্রিল) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর মেশিন বসানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ওই মেশিনে আগামীকাল সোমবার সকাল থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ ডা.রেজাউল আলম জুয়েল।
শজিমেক অধ্যক্ষ বলেন, পিসিআর যন্ত্র স্থাপনের শেষ মুহূর্তে বিশেষজ্ঞ দল একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সরানো এবং পরীক্ষাগারে একটি পার্টিশন দেওয়ার পক্ষে মত দেন। রবিবার গণপূর্ত অধিদপ্তর থেকে শেষ মুহূর্তের কাজ শেষ করেছে। পরীক্ষাগারের জন্য কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগার (সিএমএসডি) থেকে যাবতীয় উপকরণের সরবরাহ মিলেছে। সব মিলিয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য ল্যাব প্রস্তুত। ল্যাবে প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। ফল জানা যাবে চার ঘণ্টা পর।
বগুড়ায় পরীক্ষা শুরু ফলে বগুড়া ছাড়াও জয়পুরহাট, নওগাঁসহ সিরাজগঞ্জ অঞ্চলের মানুষের দ্রুততম সময়ের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত এবং দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আজিম চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন কেন্দ্র চালু হয়েছে। তবে আগে করোনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর এবং রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পাঠিয়ে ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হতো। এবার এই বিড়ম্বনার অবসান হবে।
মেডিকেল কলেজ সূত্র জানায়, শুধু চিকিৎসকদের পরামর্শে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। দ্রুত তথ্য আইইডিসিআরে পাঠানো হবে। পরীক্ষায় বগুড়ার যেসব রোগী পজিটিভ শনাক্ত হবেন তাদের মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হবে। মাইক্রোবায়োলজি বিভাগে জনবলসংকট থাকলেও সংযুক্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সমন্বয় করে পরীক্ষা কার্যক্রম চালানো হবে।
বগুড়ার সিভিল সার্জন জানান, রবিবার সকাল পর্যন্ত জেলা থেকে করোনা পরীক্ষার জন্য ৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৭৬ জনের।
ইত্তেফাক/এসি
