ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৭:১৬

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৪০ জন গাড়ি চালক  নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নে মাইক্রোবাস, ট্রাকটর, মিনিবাস, পিক-আপ চালকরা এ কর্মসূচি পালন করেন। তারা প্রায় দুই ঘন্টা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখেন। 

ট্রাকটর চালক মোজাহার ইসলাম, আলম ইসলাম, পিক-আপ চালক রুহুল আমীন বলেন, আমরা গত ২৬ দিন গাড়ি চালাতে পারছি না। জমানো  টাকাও শেষ। এখন কি খাবো আর কোন উপায় নাই। তাই বাধ্য হয়ে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছি। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান আমাদের কোনো কথা না শুনে ইউএনও’র সঙ্গে যোগাযোগ করতে বলেন। ১৫ দিনের আগে তিন কিছু করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন।

তবে সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে চান নি।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তালিকা করতে বলিছি। যারা গরিব, তাদের দ্রুত সহায়তা করা হবে।

ইত্তেফাক/এসি