খুলনায় করোনার উপসর্গ নিয়ে মহুরীর মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৯:৪৩

খুলনার পল্লীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একরামুল মোল্লা (৫০) নামে এক মুহুরীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাঠি গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। একরামুল নোয়াকাঠি গ্রামের মৃত কেসমত মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, পাঁচ-সাতদিন ধরে মুহুরী একরামুল মোল্লা সর্দি, জ্বর, কাঁশি, গায়ে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি কোনো হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। অসুস্থ অবস্থায় রবিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তবে, মৃত একরামুলের পরিবারের সদস্যরা জানান, একরামুল হৃদরোগে মারা গেছেন। 

স্থানীয় সাহস ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, একরামুলের সর্দি, জ্বর, কাঁশি ছিল। আবার তিনি হার্টের সমস্যাতেও ভুগছিলেন। গ্রাম পুলিশ দিয়ে তার বাড়ি লকডাউন করা হয়েছে। 

আরো পড়ুন : খুলনায় প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৫ 

ডুমুরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন বলেন, একরামুলের ডাক্তারি রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার পরিবারের সদস্যদের অন্য কারো সঙ্গে না মেশার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শেখ সুফিয়ান রোস্তম বলেন, খবর পেয়ে মৃত একরামুল মোল্লার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/ইউবি