বগুড়ায় আজ থেকে করোনা পরীক্ষা শুরু

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:৫৭

পিসিআর যন্ত্র বসানো শেষ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের তৃতীয়তলায় মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণাগারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) যন্ত্রটি বসানোর কাজ রবিবার শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে সোমবার সকাল থেকে করোনা পরীক্ষা শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল। রেজাউল আলম জুয়েল বলেন, পিসিআর যন্ত্র স্থাপনের শেষ মুহূর্তে বিশেষজ্ঞ দল একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সরানো এবং পরীক্ষাগারে একটি পার্টিশন দেওয়ার পক্ষে মত দেয়। রবিবার গণপূর্ত অধিদপ্তর থেকে শেষ মুহূর্তের কাজ শেষ করেছে। পরীক্ষাগারের জন্য কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগার (সিএমএসডি) থেকে যাবতীয় উপকরণের সরবরাহ মিলেছে। সব মিলিয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য ল্যাব প্রস্তুত। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হবে। ল্যাবে প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। চার ঘণ্টা পর ফলাফল জানা যাবে। বগুড়ায় পরীক্ষা শুরু হলে বগুড়া ছাড়া জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জসহ এই অঞ্চলের মানুষের দ্রুততম সময়ের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করার এবং কোভিড-১৯ রোগের চিকিত্সা সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।