কক্সবাজারে একদিনে ৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২১:১৩

কক্সবাজারে একদিনে চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজের করোনা পরীক্ষার ল্যাবের রিপোর্টে ওই চার জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

আজ রবিবার (১৯ এপ্রিল) সংগৃহীত ৭৩ জনের স্যাম্পলের মধ্যে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া ৬৩ জনের ফলাফলে চার জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন মহেশখালীর ও ১ জন টেকনাফের বাসিন্দা। 

এ নিয়ে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৫ জনের করোনা ধরা পড়লো। এদের মধ্যে একজন পার্বত্য নাইক্যংছড়ির ঘুমধুম এলাকার বাসিন্দা। 

কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির জানান, রবিবার ৭৩টি স্যাম্পল আসে ল্যাবে। সেখান থেকে ৬৩ জনের পরীক্ষার পর ফল পাওয়ার পর ৪ জনের করোনা শনাক্ত হয়। বাকি থাকা ১০ জনের ফলাফল আগামীকাল সোমবার সকালে দেয়া হবে।  

আরো পড়ুন: মঠবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

কক্সবাজার মেডিক্যাল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বলেন, কক্সবাজার ল্যাবে প্রতিদিন ৯৬ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা সম্ভব। উপজেলা ফ্লু কর্নার থেকে সংগ্রহ করে স্যাম্পলগুলো এখানে পাঠানো হয়। 

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটিকে ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনা ভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে। 

ইত্তেফাক/এএএম