চাল আত্মসাৎ : কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২১:৩৪

কুষ্টিয়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতের মামলা হয়েছে। রবিবার দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি করেন আদালত । মামলাটি ইস্যুকৃত ক্রিমিনাল মিসকেস নং ০১/২০২০ ফৌজদারি কার্যবিধি  ১৯০(১) (সি) ধারায় আমলযোগ্য মামলাটি তদন্ত-পূর্বক আগামী আগামী ২ জুন তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

 

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস তার সহযোগীদের যোগসাজসে বিগত টানা চার বছর ধরে গরীব-দুঃস্থদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় ১০ টাকা কেজি দরের (ওএমএস) চাল উত্তোলনের পর তালিকাভুক্ত দুঃস্থদের না দিয়ে তা আত্মসাত করেন বলে স্থানীয় একটি গণমাধ্যমসহ ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এ বিষয়টি বিজ্ঞ আদালতরে দৃষ্টিগোচর হয় এবং অভিযোগটি ফৌজদারি একটি অপরাধ হিসাবে প্রথিমিকভাবে গণ্য করা হয়।

 

এদিকে রবিবার দুপুরে আদালতে মামলাটি নথিভুক্ত ও আমলে নেয়ার পর তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া মডেল থানার ওসিকে নির্দেশ দেয় আদালত। এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস অভিযোগের সত্যতা অস্বীকার করে জানান, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করছে। এছাড়া আদালতে মামলা দায়েরের বিষয়টিও তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

 

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, সরকারি চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ইস্যুকৃত বিজ্ঞ আদালতের আদেশটি এখনও হাতে আসেনি। আদেশ হাতে পেলে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/এএম