গ্রামেগঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে: নাসিম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। গ্রাম-গঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে।

তিনি বলেন, বাংলার চিরায়ত নবান্ন উত্সবের মতোই নির্বাচনী উৎসব এবং নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা শুধু এ দেশের মানুষ নয়, বিশ্ববাসীও স্বীকার করেছে। দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে গেছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসের নির্বাচনী নৌকায় চড়ে সংসদে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরে নির্মিত ৫শ’ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। 

হামলা মামলার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীরা মাঠে নামতে পারছেন না এমন অভিযোগের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের এমন অভিযোগ ভিত্তিহীন। জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। প্রায় এক মাস যাবত নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। কিন্তু কোথাও বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। সরকারের দৃঢ় পদক্ষেপ ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারীর কারণে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: সহিংসতা-নাশকতা কঠোর হাতে মোকাবেলার নির্দেশ সিইসির

দেশজুড়ে নির্বাচনে বিচ্ছিন্ন ছোট খাটো দু/চারটি ঘটনা ঘটতে পারে তা স্বীকার করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে তারা প্রচারে না নেমে, পোস্টার লিফলেট বিতরণ না করে ঘরে বসে অসত্য অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাঁয়তারা করছে। তিনি বলেন, আজকের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি হবে এবং নিরাপদ, নির্বিঘ্নে মানুষ ভোট উত্সবে যোগ দেবে। 

ইত্তেফাক/এমআই