সাভারে করোনায় আক্রান্ত সন্দেহে পৃথক স্থান থেকে এক বৃদ্ধা ও বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে জয়নাবাড়ি ও পৌর এলাকার মাঝিপাড়া থেকে তাদের উদ্ধার করে সাভার উপজেলা প্রশাসন।
উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হুদা বলেন, শনিবার সকাল থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় ৬৫ বছরের এক বৃদ্ধা বসে ছিলেন। করোনায় আক্রান্ত সন্দেহে এলাকার লোকজন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানকে বিষয়টি জানান। ইউএনওর নির্দেশে সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ছাড়া একই দিন গভীর রাতে সাভার পৌর এলাকার মাঝিপাড়া থেকে ৬৫ বছরের এক বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। তিনি রাস্তায় পড়ে পেটব্যথায় কাতরাচ্ছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকৃত উভয়েরই কাশিসহ করোনার উপসর্গ থাকায় স্বজনরা তাদের ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর দুই জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। গতকাল তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
