রাজবাড়ীর পাংশা পৌরসভার দরগাতলা বাজারের একটি ভবনে বস্তা ভর্তি ৪০২০ কেজি সরকারি চাল ও ১৩৫ কেজি সরকারি পাটের বীজ জব্দ করেছে পুলিশ। রবিবার এ ঘটনায় আব্দুর রাজ্জাক শাহ নামে একজন মুদি দোকানী আটক করে পাংশা মডেল থানা পুলিশ। আটক রাজ্জাক পৌরসভার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মণ্ডলের চার তলা বিশিষ্ট একটি ভবনের নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে মুদি দোকান পরিচালনা করে আসছেন আব্দুর রাজ্জাক শাহ। ভবনের নিচতলায় অপর কক্ষে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত অফিস এবং অফিস কক্ষের পাশে তার ব্যক্তিগত গোডাউন। ১৩৪টি বস্তায় মোট ৪ হাজার ২০ কেজি সরকারি চাল গোডাউন করে রাখা হয়েছিলো। প্রত্যেক বস্তায় ৩০ কেজি ওজনের চাল রয়েছে।
খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ ও এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জব্দকৃত চাল সরকারি। ব্যক্তিগত গোডাউনে চেয়ারম্যান সরকারি চাল রাখতে পারেন না।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, মুদি দোকানী আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তথ্যানুসন্ধান করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. ফরিদ হাসান ওদুদ মন্ডলের আপন ছোটভাই। ঘটনার পর থেকে যশাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মণ্ডল পলাতক।
ইত্তেফাক/এএম
